মহানগর দক্ষিণ জামায়াতের ফুড প্যাকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মহানগর দক্ষিণ জামায়াতের ফুড প্যাকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পবিত্র রজমান উপলক্ষ্যে গরিব ও অসচ্ছলদের মাঝে ফুড প্যাকেট বিতরণ শুরু করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। বৃহস্পতিবার পুরানা পল্টনে দলের মহানগর কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

এসময় তিনি ভোট আসলে যেভাবে মানুষের কাছে ছুটে যান, সেভাবে সারা বছর মানুষের পাশে থাকার আহ্বান জানান। নূরুল ইসলাম বুলবুল বলেন, রাসূল (সা.) রমজান মাস আসার আগেই যেভাবে পদক্ষেপ নিতেন, সেই আলোকে আমরাও প্রস্তুতি নিয়ে থাকি। রমজান মাসে মুসলমানেরা যাতে ফরজ দায়িত্বগুলো শান্তি ও স্বস্তির সঙ্গে পালন করতে পারে তার আয়োজন অতীতে রাষ্ট্র কর্তৃক কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এসব আয়োজন রাষ্ট্র কর্তৃক করা হবে।

বিজ্ঞাপন

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজান মাসে রোজাদারদের শান্তি ও স্বস্তির জন্য চাঁদাবাজ, সন্ত্রাসী, অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর হতে হবে। রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কার্যক্রম বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। রমজান উপলক্ষে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করায় তিনি অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। একটি বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াতে ইসলামীর সামাজিক কার্যক্রম দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ কামাল হোসাইন, শামসুর রহমান, অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শ্রমিক নেতা আব্দুস সালাম, মাওলানা মোশাররফ হোসাইন, শাহীন আহমদ খান, মহানগরী প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।

সভা শেষে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রীর ফুড প্যাকেট বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন