বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে দেশের শাসন ব্যবস্থা হস্তান্তর করলেই দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
বুধবার নাটোর সদর উপজেলা যুব-দলের সাবেক সভাপতি স্বার্থহীন আলম শাহীনের স্মরণসভা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে, দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দেয়া জরুরি।
দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া তাদের শাসন আমলে ধর্ষণের বিষয়ে দেশে কঠিন আইন প্রণয়ন করেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ধর্ষকদের বিরুদ্ধে আরও কঠোর আইন ও তা বাস্তবায়নের ব্যবস্থা করবে। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার রায় প্রদানের কার্যকরী ব্যবস্থা করা হবে।
দুলু বলেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। যে কোনো ভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যেকোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করে পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজনকে দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় নির্বাচনে তাদের সুযোগ সুবিধা করে দেয়ার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।
সদর উপজেলার চৌরি পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে লক্ষ্মীপুর খোলা-বাড়িয়া ইউনিয়ন যুবদল আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

