জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শহীদ বিপ্লবীদের স্মরণে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ) আয়োজন করেছে ‘পেশাজীবী সমাজের জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভা। শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেন। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ্। বক্তব্য রাখেন এনপিএর সদস্যসচিব তৌহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ফয়সাল, এনসিপির কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য মাইলফলক। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি দক্ষ, জবাবদিহিমূলক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দেশের পেশাজীবী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, জাতীয় উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের প্রত্যাশা পূরণে পেশাজীবীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ সময়ের দাবি। তিনি দেশের সার্বিক অগ্রগতি ও জাতীয় স্বার্থে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে নাভিদ নওরোজ শাহ্ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবীরা একটি মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাকে উপেক্ষা করে দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে। এ অবস্থার বিরুদ্ধে পেশাজীবী সমাজকে সোচ্চার থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী, জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাক এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় নারী শক্তির সংগঠক শারমিন রহমান, জাতীয় রিকশা-ভ্যানচালক শক্তির মুখ্য সংগঠক শফিকুল ইসলাম হানিফ, এনপিএর যুগ্ম সদস্যসচিব মো. নাদিম শেখ, মো. সৈকত হাসান, মাহিনুর ইসলাম এবং কৃষিবিদ মজিবর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম. জি. আজম জুলিয়ান ও মো. শফিউল আলম নাজির।
অনুষ্ঠানে বেসরকারি চাকরিজীবী, ফ্রিল্যান্সার, উন্নয়ন কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্ত আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। শেষে মুনতাসীর তুষার, ইমরান জাহাঙ্গীর ও গোলাম সরোয়ারের নেতৃত্বে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


