অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ চায় জমিয়ত

অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ চায় জমিয়ত

অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সেই সঙ্গে দেশে অরাজকতা, নারীর প্রতি সহিংসতা ও ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান জমিয়ত নেতৃবৃন্দ।

মঙ্গলবার রাজধানীর পল্টনে অবস্থিত হোটেল ওয়েস্টিনে আলেম সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী বিরোধী রক্তাক্ত আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ধাপে ২০২৪ আমাদের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। আওয়ামী লীগের গুমখুনের অধ্যায় শেষ। নতুন করে কোনো ফ্যাসিস্টের উত্থানের সুযোগ নেই। আমরা দেশের সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ নির্মাণ করতে চাই। দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বাধীন বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় ও দক্ষ করে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘ আড়াই দশক আমাদের সাথে আন্দোলনের অংশ ছিলো। দীর্ঘ স্বৈরশাসনের পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। এখন সময় হলো বাংলাদেশ গড়ার।

জমিয়ত মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, অবিলম্বে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।

সভাপতির বক্তব্যে জমিয়ত সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। আমাদের ঐক্য এবং সংগ্রামী চেতনায় যেন চিড় না ধরে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপানারা দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার তুলে দিন।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এলডিপির মহাসচিব তমিজুদদ্দীন টিটু, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, কল্যাণ পার্টি চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপা মহাসচিব অধ্যাপক ইকবাল প্রধান, এবি পার্টি ভাইস চেয়ারম্যান লে. কর্নেল দিদারুল আলম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন