আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ এনসিপির

আমার দেশ অনলাইন

সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ এনসিপির
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে। তবে এ আসনের ভোট গণনা নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার দল এনসিপি।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি।

বিজ্ঞাপন

সেখানে এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা-৮ আসনে বাতিল ভোট গণানা করা হয়েছে। যে ভোটগুলো বোর্ড মার্কার বক্সে পড়েনি। আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে, মার্কার বক্সে ভোটটা দিতে হবে। বোর্ড মার্কার নামের ওপরে পড়লেও হবে না কিংবা এর বাইরে পড়লেও হবে না।

তিনি বলেন, আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে। সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে।

আসিফ বলেন, প্রথমে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম, তিনি বললেন যে তাকে ইসি থেকে ইসির সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটা কাউন্ট করা যাবে। পরে আমরা ইসি সেক্রেটারির সঙ্গে কথা বললাম। ইসিতে কথা বললাম। ইসি থেকে আমাদের জানানো হলো যে তারা কোনো এ ধরনের নির্দেশনা দেননি। এটা প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত।’

একজন থেকে আরেকজন বল পাস করার মতো চলছে জানিয়ে তিনি বলেন, এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল টেম্পারিং হচ্ছে। আমরা এটার প্রমাণও পেয়েছি। যিনি ঢাকা-৮ আসনের প্রার্থী তার ভাগ্নের একটা কল রেকর্ড আমরা পেয়েছি। সেখানে তিনি ঠিক একই একই কথাগুলো বলছেন।

এনসিপির এই মুখপাত্র বলেন, এই বাতিল ভোটের সংখ্যা কত? এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল তখন দেরি করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করা হয়েছে। কিছু আসনে ফলাফল টেম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। যখন তারা দেখল যে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে এবং কিছু আসনে যেখানে আমাদের ১১ দলীয় জোটের নেতৃস্থানীয় যারা প্রার্থী আছেন তাদের হারানোর উদ্দেশ্যে ফলাফল টেম্পারিং করার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি।

উদাহরণ হিসেবে তিনি বলেন, আমরা ঢাকা-১৩ আসনে দেখলাম এক ধরনের অসংলগ্ন ফলাফল। মিডিয়ায় একরকম আসছিল, কেন্দ্র থেকে আরেকরকম আসছে। কেন্দ্রগুলোর ফল যোগ করলে একরকম আসে, রিটার্নিং কর্মকর্তা অন্যরকম ঘোষণা দিলেন।

ভোট গণনা শেষ না হতেই বিজয় ঘোষণা করে দেওয়া হচ্ছে অভিযোগ জানিয়ে আসিফ বলেন, এই মিডিয়ার মাধ্যমে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে দেখেছি যে ঢাকা-১৯ আসনে আমাদের প্রার্থী সেখানে একটি কেন্দ্রের ভোট ৪৬০ ছিল বিএনপি প্রার্থীর, ৬০০ সামথিং ছিল আমাদের শাপলা কলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন তিনি উল্টোটা ঘোষণা করলেন। তিনি ৪৬০টি ঘোষণা করলেন শাপলা কলির আর ৬০০ সামথিং ঘোষণা করলেন ধানের শীষে। মানে এটা খুবই হাস্যকরভাবে ফলাফল টেম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি।

এনসিপির মুখপাত্র বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলব অবশ্যই এ অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়। কুড়িগ্রাম-২ আসনে আমাদের প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করলে তিনি বিজয়ী হন। কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপির নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করলেন এক ধরনের মব সৃষ্টি করে ফলাফল পরিবর্তন করার দাবি করতে থাকলেন।

আসিফ বলেন, এটা আমরা ঢাকা-৮ আসনেও দেখেছি, সেখানে একটি কেন্দ্রের ফলাফল ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা মানেন না বলে সেখানে সাতবার কাউন্টিং করানো হলো। সেখানে প্রতিটি কেন্দ্রে ফলাফল কাউন্ট করে যা আসছে সেটার সঙ্গে আবার সেন্ট্রালি রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করছেন তার মিল থাকছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন