চামড়া শিল্পের সংকট উত্তরণে ওলামা এলায়েন্সের ৫ দফা দাবি

স্টাফ রিপোর্টার

চামড়া শিল্পের সংকট উত্তরণে ওলামা এলায়েন্সের ৫ দফা দাবি

জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে যুগোপযোগী রোডম্যাপ ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স।

বুধবার রাজধানীর পুরানা পল্টনের ডিসিসি হলে ন্যাশনাল ওলামা এলায়েন্সের উদ্যোগে “জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ: চ্যালেঞ্জ ও উত্তরণের রূপরেখা” শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, পোশাক শিল্পের পর চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাব, আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতা এবং ট্যানারি শিল্পে বর্জ্য শোধনাগারের কার্যকর ব্যবহার না থাকায় খাতটি বর্তমানে সংকটে রয়েছে। বিশেষ করে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় প্রতিবছর হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে দেশ।

সভায় চামড়া শিল্পের সংকট উত্তরণে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কোরবানির চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ ও বাস্তবায়ন; এলডব্লিউজি (লেদার ওয়ার্কিং গ্রুপের দেওয়া আন্তর্জাতিক মান সনদ) সনদ অর্জনের মাধ্যমে ইউরোপ ও আমেরিকার বাজারে সরাসরি রপ্তানির সুযোগ তৈরি; সরকারি উদ্যোগে চামড়া সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা; বিভাগীয় শহরগুলোতে নতুন ট্যানারি স্থাপন; এবং বিদ্যমান লেদার কলেজকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ন্যাশনাল ওলামা এলায়েন্সের পাঁচ দফার সঙ্গে আমি একমত। তবে লেদার কলেজ নয়। সরকারকে লেদার ইউনিভার্সিটি তৈরি করতে হবে।

ওলামা এলায়েন্সের পাঁচ দফার সঙ্গে একমত পোষণ করার পাশাপাশি চামড়া শিল্প নিয়ে সরকারকে দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল ওলামা এলায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি বলেন, দেশের চামড়া শিল্প জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চামড়া প্রক্রিয়াজাত করতে না পারায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, খাতটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সরকারকে অসাধু চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি কওমি মাদরাসা কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের নিয়ে সমন্বিত ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করতে হবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...