হাসিনার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই।
রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ শেষে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। গত ৬ ও ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জায়মা রহমান।
যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে মির্জা ফখরুল জানান, তাদের যুক্তরাষ্ট্র সফর খুব সফল হয়েছে। যে উদ্দেশ্যে ছিল, তা সফল হয়েছে।
দেশে পরিস্থিতি নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এজন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিম তার জন্য দায়ী। আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।
মির্জা ফখরুল যোগ করেন, একটা অন্ধকারকে দূর করতে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জাগিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই, সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিতিশীলতার ক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।’
অপারেশন ডেভিল হার্ট নিয়ে জানতে চাইলে ফখরুল বলেন, আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হার্ট জানি না। ডেভিল হার্ট মানে ফ্যাসিস্টকে জানি। এতদিন পর বোধোদয় হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি।
এসময় সাথে উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

