বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম শুরু

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম শুরু

আত্মপ্রকাশের পর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

বিজ্ঞাপন

শনিবার দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে নবগঠিত ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সদস্যরা উপস্থিত থেকে এই পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে থেকে রায়েরবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন সংগঠনটির নেতৃবৃন্দ৷

এসময় সাংবাদিকদের ব্রিফিংকালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, আমাদের ভুল হলে শুধরে দিবেন, ভালো কাজ করলে বাহবা দিবেন। আপনাদের কথাবার্তা,পরামর্শ ও সমালোচনা শুনতে রাজি আছি। একাত্তরে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেলেও যে রাষ্ট্র আমরা আশা করেছিলাম,‘৭২ এর পরে নানা কারণে তখনকার নেতারা ব্যর্থ হয়েছেন। তৎকালীন নেতৃবৃন্দ লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা ও কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন করতে পারেননি। সুতরাং ২৪ একাত্তরের একটি ধারাক্রম। রাষ্ট্র গঠনের সে সুযোগটি ২৪-এ আমরা আরেকবার পেয়েছি। আমরা সেই সুযোগ হাতছাড়া করতে চাইনা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠন হাসিব আল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে ধারণ করে নতুন সংগঠনটি কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও লেজুড়বৃত্তিক অপরাজনীতি থেকে সরে এসে সুস্থ ধারার রাজনীতি করবে। এরই ধারাবাহিকতায় জুলাইয়ের শহীদদের কবর জেয়ারতের মধ্য দিয়ে আমাদের সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। শহীদদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সেই লক্ষ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করে যাবে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদেরসহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন