কিছু দলের নেতাকর্মীদের আচরণ-আওয়ামী ফ্যাসিবাদিদের মতো: ভিপি নুর

রংপুর অফিস

কিছু দলের নেতাকর্মীদের আচরণ-আওয়ামী ফ্যাসিবাদিদের মতো: ভিপি নুর

কিছু দলের নেতাকর্মীদের আচরণ-আওয়ামী ফ্যাসিবাদিদের মতো বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি শুক্রবার রংপুর সিটি বাজারে প্রেসব্রিফিংয়ে এই মন্তব্য করেন।

বিএনপিকে ইঙ্গিত করে ভিপি নুর বলেন, ‘আমরা দেখি কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ কিন্তু আওয়ামী ফ্যাসিবাদিদের মতো হয়ে উঠছে। এটি মানুষের মাঝে একটা উদ্বেগ তৈরি করছে। একটা উৎকণ্ঠা তৈরি করেছে। কোন দলের বাড়াবাড়ি, হানাহানি, মারামারি, দখলদারি, চাঁদাবাজি এগুলো যদি চলে সেই দল কিন্তু আগামীতে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে।’

বিজ্ঞাপন

এসময় পরিষদের উচ্চতর সদস্য, সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি পরিষদের রংপুর মহানগর ও জেলা কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন।

শুধু নির্বাচন বা ভোটের জন্য ২৪ এর বিপ্লব হয়নি দাবি করে ভিপি নুর বলেন, ‘ আমরা মনে করি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই। শুধু ভোটের জন্য এই গণঅভ্যুত্থান হয় নাই। রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। ’

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়েছে দাবি করে ভিপি নুর বলেন, ‘গুলি করে শিশুসহ ছাত্র জনতাকে মেরেছে এবং বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটা বিদেশি রাষ্ট্রের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে। সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোন নৈতিক ভিত্তি বাংলাদেশে নাই। আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে পারবে না। শুধু নির্বাচন নয়, এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনই মাথা তুলে দাঁড়াতে পারবে না। এ দেশের জনগণ সেই সুযোগ দিবে না। তারা ঘৃণাভরে প্রত্যাখ্যাত।’

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন