চীন সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ চায়: মির্জা ফখরুল

চীন সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাদের সেসব বিষয় অবহিত করেছি। চীন সবসময় বাংলাদেশের স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ চায়।

শনিবার সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং সফররত চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। অপরদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় উপস্থিত ছিল।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।

চীনা প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর উপ-পরিচালক চেন জুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেই, কর্মকর্তা ঝাং গুইউ, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং এবং কর্মকর্তা লিউ হংরু।

বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, বিএনপির সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির বৈঠক হয়েছে। বিএনপি নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের জানিয়েছে। আমরা কোনো ধরনের পরামর্শ দেইনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। গত ১৫ বছর ধরে কোনো মিটিং হয়নি। আজকের বৈঠকের মাধ্যমে সেই সম্পর্ক আবার নবায়ন হলো। দুই দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হচ্ছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও বিস্তৃত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন