এনসিপি নেতাকে মারধরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে

এনসিপি নেতাকে মারধরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে

কক্সবাজারের চকরিয়ায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের নির্বাচনী এলাকায় শনিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মঞ্চ ভাঙচুর করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। সভামঞ্চে এনসিপি সভাপতি নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু তারা পৌঁছানোর আগেই বিএনপি নেতাকর্মীরা এ মঞ্চ ভাঙচুর করে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর এদিন রাতে এনসিপির বাঁশখালীর সংগঠক তানভীর সিকদারকে বিএনপি নেতাকর্মীরা বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির যুগ্ম মুখ্য-সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। এনিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন আরিফুর রহমান তুহিন।

পোস্টে তিনি লেখেন, ধন্যবাদ বিএনপি। ধন্যবাদ সালাহউদ্দিন ভাই। কিছুক্ষণ আগে এনসিপির বাঁশখালীর সংগঠক তানভীর সিকদারকে বাঁশখালীর বিএনপি নেতাকর্মীরা বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়।

তিনি লেখেন, নাসির উদ্দীন পাটওয়ারীর যে বক্তব্য নিয়ে তাদের আপত্তি তার জবাবও কথায় বা আইনিভাবে দেওয়া যেতো। কিন্তু না। ওনারা এখনো পেশিশক্তির রাজনীতি বহাল রাখতে চায়। ভীতির রাজনীতি দিয়ে আধিপত্য বিস্তার করতে চায়। তাইতো স্টেজ ভাংলো, গাড়িবহর আটকালো, মাথা ফাটালো।

তিনি আরও লেখেন, অথচ এইতো কয়েকদিন আগেই ওনাদের নেতা দুদু ভাই আমাদের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহকে হিসু দিয়ে ভাসিয়ে দেওয়ার মতো নোংরা কথা বললো। আমরা এর জবাব দিয়েছিলাম কথার মাধ্যমে।

আজকেও আমরা চাইলেই সংঘাতে যেতে পারতাম। কিন্তু নাহিদ ইসলামের সাফ কথা। আমরা পরিবর্তন চাই। বাক স্বাধীনতা চাই, কিন্তু বাধা আসলেও সর্বোচ্চ সংযম দেখাতে হবে। তাই আহ্বায়ক কিছুটা বাড়তি সময় নেন মুখোমুখি সংঘাত এড়াতে।

এনসিপি নেতা লেখেন, আমরা কোনো প্রকার প্রটোকল ছাড়াই সালাহউদ্দিন আহমেদের এলাকা পার হই এবং বান্দরবান যাই। এরপর কাপুরুষের মতো আমাদের ছেলেদের মারে বিএনপির লোকজন। ওরা আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু ওরা ভুলে গেছে, আমরা হাসিনাকেই ভয় পাইনি। গোপালগঞ্জ গিয়ে কয়েক হাজার সন্ত্রাসীর সামনে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছে।

আরিফুর রহমান তুহিন লেখেন, নাহিদ, আখতার, হাসনাতদের ভয় পায়িয়ে থামাতে পারবেন না। পেশিশক্তির রাজনীতি এদেশে হতে দিবো না। আমরা লড়বো, প্রয়োজনে মরবো। তবুও আমরা এই ধারার পরিবর্তন আনবো।

অবশেষে তিনি লেখেন, আপনাদের কিছু বলার থাকলে কথার মাধ্যমে বলুন। পেশিশক্তির মাধ্যমে না। এই রাজনীতি ৩৬ জুলাই শেষ হয়ে গেছে সালাহউদ্দিন ভাই। আপনি মজলুম ছিলেন, জালিম হইয়েন না। আপনাকে আমরা ভালোবাসি। আপনার গুম থাকা ও ভারতের জীবনকে আমরা এখনো মনে রেখেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন