সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালনের আহবান জামায়াত আমিরের

সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালনের আহবান জামায়াত আমিরের

ঈমান ও তাক্বওয়ার সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালনের জন্য নেতাদের প্রতি আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রোববার বিকেলে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দু’দিনব্যাপী অনুষ্ঠিত জামায়াতের জেলা ও মহানগরী আমির সম্মেলনে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আমাদের সামনে উদাহরণ হল রাসূল (সা.) এর জীবন ও কর্ম। আমাদের আল্লাহর হুকুম ও রাসূল (সা.) এর সুন্নাহকে সর্বদা অনুসরণ করতে হবে। আমাদের সবসময়ই আল্লাহর নিকট সাহায্য কামনা করতে হবে এবং ঈমান ও তাক্বওয়ার সাথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে।

আমির আরো বলেন, শত অন্যায়, অত্যাচার-নির্যাতনের মধ্যেও আমরা আল্লাহ ও তাঁর রাসূলের পথে টিকে আছি আল্লাহর রহমতের কারণে। আমরা অধৈর্য হইনি, মিথ্যা মামলা সত্ত্বেও কখনো কোনো অন্যায়ের কাছে কখনো মাথানত করিনি।

তিনি বলেন, আমরা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দ্বীনি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের দায়িত্ব হল ভবিষ্যতে যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন তাদেরকে আমাদের চাইতেও বেশী দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা।

এসময় জামায়াত আমীর দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন। এছাড়া জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রীম কোর্টের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে দোয়া করেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন