ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ একটি মহাসমুদ্রে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেছেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মু. রেজাউল করিম।
তিনি বলেন, আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশকে ঘিরে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। সমাবেশটি জনসমুদ্রে রূপান্তরিত হবে।
বুধবার সকাল ১০টায় রাজধানীর কাওরান বাজারে হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষ পথ সভায় তিনি এসব কথা বলেন।
ড. রেজাউল করিম বলেন, জনতার এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে অবিলম্বে নির্বাচনের একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করা। এই সমাবেশের দাবি হচ্চে সকল গণহত্যার বিচার করতে হবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে সকল দল, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিগত দিনে হাজার হাজার মানুষকে যে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে এবং গোটা যুবক ও ছাত্র সমাজকে যেভাবে আহত ও পঙ্গু করে দিয়েছে-সেই খুনি শেখ হাসিনাসহ ফ্যাসিস্টদের বিচার হতে হবে।
মহানগরী সেক্রেটারি বলেন, আমরা সবাইকে সাথে নিয়ে প্রতিটি পাড়া মহল্লায়, গাড়িতে- বাড়িতে আমরা এই আহ্বান তুলতে চাই-এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমরা ৫ আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে, ছাত্র-জনতার জীবন দেয়ার গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই বাংলাদেশ আমরা পেয়েছি—এই বাংলাদেশে আমরা আর খুন-খারাবি ও অপকর্ম আর হতে দেবো না। কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ বিনির্মাণে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নে সকলকে আহ্বান জানান ড. রেজাউল করিম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

