জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গতানুগতিক এবং অস্বচ্ছ নির্বাচনি রোডম্যাপ দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার যেকোনো উপায়ে নির্বাচন দিয়ে নিস্তার পেতে চায়। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের অগ্রগতি সন্তোষজনক নয়। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে না। জুলাই সনদ প্রস্তুত হয় নাই, তার আইনি ভিত্তি এবং বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অথচ নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে যেখানে জুলাই সনদের আলোকে নির্বাচন সবার কাম্য ছিলো। হাজারো শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে শুধু নির্বাচনি রোডম্যাপ দিলে হবে না। বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই।
শুক্রবার বেলা ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে জাগপার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, দ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদের মুক্তিযুদ্ধে যেমন উদ্বুদ্ধ করেছিল একইভাবে জুলাই গণঅভ্যুত্থানেও উদ্বুদ্ধ করেছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধে নজরুলের বিকল্প নাই। জাতীয় কবির লেখনি থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে কারণ সার্বভৌমত্ব রক্ষায় হিন্দুস্তান এবং সন্ত্রাসী আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চলমান। নজরুলের ভাষায় আমাদের শপথ নিতে হবে, সেই দিন হব শান্ত, যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না—
জাতীয় কবির কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় আরো অংশগ্রহণ করেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মো. হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ম আহ্বায়ক আলী ফকির, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, সহ-সভাপতি শাহাবুদ্দিন সাবু ও মো. আলামিন ডালিম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

