প্রতিনিধি সভায় সাইফুল হক

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে নৈরাজ্য ছড়িয়ে পড়বে

স্টাফ রিপোর্টার

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে নৈরাজ্য ছড়িয়ে পড়বে

দ্রুত বেকার যুবশক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য ছড়িয়ে পড়বে বলে মনে করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুবসংহতির প্রতিনিধি সভায় একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, লাখ লাখ বেকার যুবকদের কর্মসংস্থান করতে না পারলে সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য বন্ধ করা যাবে না। সরকারের ভালো উদ্যোগসমূহও মার খেয়ে যাবে। দেশের বিশাল বেকার যুবশক্তিকে উৎপাদনশীল খাতে যেন উপযুক্তভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে আগামী জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান তারুণ্যের অগ্রযাত্রা যে বিশাল সম্ভাবনা তৈরি করেছিল তাকে নষ্ট করে দেওয়া হয়েছে। লাখ লাখ যুবকদের স্বপ্নভঙ্গ হয়েছে, তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। দ্রুত এ হতাশা কাটিয়ে উঠতে হবে। নতুন সরকারকে তরুণ যুবাদের স্বপ্ন আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে।

রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই বলে মনে করেন সাইফুল হক। তিনি বলেন, বিরোধী দলে থাকাকালীন বিএনপি বিচারবিভাগসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ধরনের গণতান্ত্রিক সংস্কার দেখতে চেয়েছে এখন সে ধরনের সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।

তিনি জাতীয় নির্বাচনের মাত্র তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত চরম বৈষম্যমূলক ও অন্যায্য বাণিজ্য চুক্তির তীব্র সমালোচনা করেন এবং দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিরোধী চুক্তি বাতিলের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব মীর রেজাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, এডভোকেট মাহবুবুল করিম টিপু, সংগঠনের জেলা প্রতিনিধি আওয়াল মাহমুদ, স্বাধীন মিয়া, দীপংকর চন্দ্র কর, ফয়েজ ইবনে জাফর প্রমুখ।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...