রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জড়ো হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরই শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে সংগঠনটি।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের সামনের ফুটপাত ও সড়কের একটি অংশ ছাত্রদলের ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। যদিও বেলা ২টায় মিছিল শুরু হওয়ার কথা ছিলো। তবে বেলা ৩টায়ও মিছিল শুরু হয়নি। নেতাকর্মীদের চাপে আশপাশে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে অপেক্ষা করছেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত করছেন নয়াপল্টন এলাকা। কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
মিছিলে অংশ নিতে আসা সাধারণ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন।
কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে, শাহবাগের দিকে পদযাত্রা করবে ছাত্রদল। এই মিছিলের মাধ্যমে তারা তাদের দাবি ও প্রতিবাদ জোরালোভাবে তুলে ধরতে বদ্ধপরিকর। মিছিলে ছাত্রদলের নেতাদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারা অংশ নিবেন বলে জানিয়েছে দলটি মিডিয়া সেল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

