ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে আসছে ‘জনতার পার্টি বাংলাদেশ’

ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে আসছে ‘জনতার পার্টি বাংলাদেশ’

জনতার পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানে নতুন এ দলের নাম ঘোষণা করবেন তিনি।

বিজ্ঞাপন

নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন দলের যাত্রা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের জন্য যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, তাতে কোনো পদ উল্লেখ না করে তিন জনের নাম উল্লেখ রয়েছে। ইলিয়াস কাঞ্চন ছাড়াও আরও দুটি নাম হচ্ছে- সাবেক মন্ত্রী ও এমপি গোলাম সারোয়ার মিলন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ নতুন এ দলে গুরুত্বপূর্ণ পদে থাকছেন।

জানা গেছে, গোলাম সারোয়ার মিলন নির্বাহী চেয়ারম্যান ও শওকত মাহমুদ মহাসচিব হিসাবে নতুন দলে যুক্ত হচ্ছেন। আগামীকালই এ ঘোষণা আসবে।

লিটন এরশাদ জানান, নতুন দলে রাজনীতিবিদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ সব অঙ্গনের লোকজন থাকবেন।

দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।

এদিকে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই রাজনৈতিক দল নিয়ে রাজনীতিতে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন