আওয়ামী ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও শরীয়তপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদ।
তিনি বলেছেন, দেশ আবারও একটি চরম সংকটে। ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের পুনর্বাসনের চক্রান্ত চলছে। যেন তেন নির্বাচন, পেশিশক্তির প্রভাব, প্রশাসনে দলীয় আনুগত্য—এসবের বিরুদ্ধে একটি কার্যকর রাজনৈতিক ঐক্য ছাড়া মুক্তির পথ নেই।
তিনি বৃহস্পতিবার শরীয়তপুর সদরের বিভিন্ন অঞ্চলে টানা গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন। জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমদসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ তার সফরসঙ্গী ছিলেন।
গণসংযোগকালে পথসভা ও স্থানীয় সমাবেশে বক্তব্য প্রদান করে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, 'আমরা জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং একটি বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মধ্যে লন্ডনে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। আমরা মনে করি, এই বৈঠক বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 'লন্ডনের সম্ভাব্য ওই বৈঠকে যদি শেখ হাসিনা ও তার দুঃশাসনের দায় থেকে জাতিকে মুক্ত করার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারিত হয়, যদি রাজনৈতিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখায় ঐকমত্য হয়—তবে দেশের ভবিষ্যতের জন্য তা হবে আশার আলো।'
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, 'পেশিশক্তি, দুর্বৃত্ত, সন্ত্রাসী, অস্ত্রবাজ, চাঁদাবাজ ও নির্বাচনবিরোধী গোষ্ঠীকে চিহ্নিত করে সমূলে নির্মূল করতে না পারলে এ দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।'
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, 'আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।' তিনি ইসলামপন্থী ও দেশপ্রেমিক সব রাজনৈতিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ রূপরেখা ও আন্দোলনের আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

