নির্বাচনের তারিখ ঘোষণা করুন : জয়নুল আবদিন ফারুক

নির্বাচনের তারিখ ঘোষণা করুন : জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ,যেটুকু দরকার ততটুকু সংস্কার করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
আর তা না করা হলে দেশের ক্ষতি হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কর্মজীবী দল আয়োজিত 'রমজানের আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি' শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন বিলম্বে নির্বাচন করা মানে হলো দেশের চলমান রাজনৈতিক সংকটকে আরো জিইয়ে রাখা।

বিজ্ঞাপন

তিনি বলেন,দরকার সংস্কার, অস্বীকার করি না। সেই সঙ্গে দরকার আগে জাতীয় নির্বাচন। আমাদের নেতা তারেক রহমানও দেশে সুষ্ঠু নির্বাচন, মৃত ব্যক্তির ভোট নয়, দিনের ভোট দিনে দেয়ার কথা বলেছেন ।

বিএনপিদলীয় সাবেক এই চিফ হুইপ বলেন, ড. ইউনুস (প্রধান উপদেষ্টা) আপনি পৃথিবীর সম্মানীয় ব্যক্তি, আমাদের সম্মান বৃদ্ধি করেছেন, আপনাকে কখনো অপদস্থ করতে দিবো না কারণ আপনি যদি সত্যিকার অর্থে জনগণের মনের কথা না বুঝে থাকেন তাহলে ভুল করবেন। অনুগ্রহ করে, সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করবেন না। এটা বুঝতে যদি আপনার দেরি হয় তাহলে আপনার প্রতি জনগণের আস্থা হারিয়ে ফেলবে।

তিনি বলেন, ডেভিল হান্ট করছেন বড় শয়তান এখনো ধরা হয় নাই। ২০১৪ সালে যদি এই বড় শয়তানের নির্বাচনে কেউ কেউ অংশগ্রহণ না করতেন শেখ হাসিনা সেদিনই বিদায় নিতো। শেখ হাসিনার উদ্দেশ্যে জয়নুল আবদীন ফারুক বলেন ২০১৮ আমরা নির্বাচনে গিয়েছিলাম। দিনের ভোট রাতে করে আমাদের বেইজ্জতি করেছেন। চুরি করে পালিয়ে গেছেন হেলিকপ্টারে করে। যদি সৎ সাহস থাকতো, আপনি আইনের কাছে যেতেন, আপনার বিচার হতো। নির্দোষ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে ৫ বছর জেলে রেখেছেন। আগামীতে দেশে জনগণের সরকার হবে সেই সরকার আওয়ামীলীগের বিচার অবশ্যই করবে।

বাংলাদেশ কর্মজীবী দলের সভাপতি মো. সালাহ উদ্দিন খান পিপিএম এর সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরন , কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন