গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করতে হয়েছে বার বার।
সোমবার বেলা ১১টার দিকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমাননের সমাধিতে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করে ফেলার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। বিএনপি ফিনিক্স পাখির মত প্রতিবারই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এবং খালেদা জিয়ার আদর্শ নিয়ে ফিরে এসেছে।
এসময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, কাজী আবুল বাশার, সাইফুল আলম নীরব, মহানগর বিএনপির উত্তরের আমিনুল হক, দক্ষিণের তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পুস্পস্তবক অর্পণের পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। বিএনপি গত ১৫ বছর সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত থেকে দীর্ঘ এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, আল্লাহর অশেষ রহমতে জনগণ ও ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের যে কথা আছে তা সুষ্ঠুভাবে আয়োজন করা।
বিএনপি সংস্কার কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো নিয়ে এসেছিল বিএনপি তা সমাধানে সর্বাত্মক সহযোগিতা করেছে।
বিএনপি ক্ষমতায় গেলে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বিএনপি ৩১ দফা কর্মসূচি প্রবর্তন করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে একদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন ঘটবে অন্যদিকে অর্থনৈতিক পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করেছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

