এই পুলিশ দিয়ে নির্বাচন সম্ভব না: সাবেক ছাত্রদল সভাপতি

এই পুলিশ দিয়ে নির্বাচন সম্ভব না: সাবেক ছাত্রদল সভাপতি

দেশের বর্তমান পরিস্থিতিতে এই পুলিশ দিয়ে নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে এম এ জি ওসমানীর অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেখানে সেনাবাহিনীরও ভূমিকা রাখতে হবে। আজকে দেশের যে অবস্থা, এই পুলিশ দিয়ে নির্বাচন করা সম্ভব না। প্রশাসনের ভেতর যেসব আওয়ামী চক্র আছে, ফ্যাসিস্টের দালাল আছে, তাদেরকে আগে বের করে দিতে হবে, এরপর নতুন করে ঢেলে সাজাতে হবে।

আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক ও বিএফইউজের সহকারী মহাসচিব বাছির জামাল বলেন, বিগত ১৭ বছর শুধুমাত্র একজন ব্যক্তির গুনগান গেয়ে জাতিকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। ‘স্বাধীনতা অর্জনের লড়াইয়ে আর কারো কোন অবদান ছিল না' -সেই বক্তব্য, সেই রচনা জাতির কাছে উপস্থাপন করেছিল। জেনারেল এম এ জি ওসমানী ও জেনারেল আবদুর রবসহ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা সকল ব্যক্তিদের ইতিহাস তরুণ প্রজন্মের সামনে উপস্থাপন করতে হবে।

আওয়ামী ফ্যাসিবাদের বিরোধী মত দমন, নির্যাতন ও ইতিহাস বিকৃতির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস বিকৃত করতে তারা অপপ্রচারের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরটিও স্থানান্তর করার চেষ্টা করেছিল। আর জেনারেল ওসমানীদের ইতিহাসকে তো সামনে আনার সুযোগই দেয়নি।

সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব ডা. সৈয়দ উমর খৈয়াম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল মজুমদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক এড. আবেদ রাজা, শাহীন আহমেদ খান, মো. মোদাব্বের হোসেন, বিএম শামসুল হক, আবুল কালাম, প্রিন্স বি.এ চৌধুরী, এড. ফরিদ আহমেদ, মোঃ বেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে এম এ জি ওসমানীর লড়াকু ইতিহাসের কথা জানানোর আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কদের ধারণ করতে পারে নি। তারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন