বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের হাল ধরেন এবং দেশ ও জাতির কঠিন সময়ে সংগঠনকে সুসংগঠিত করে একটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মহানায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
শনিবার চট্টগ্রামের হালিশহর জেপি কনভেনশন হলে পাহাড়তলী ও হালিশহর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এবং দেশ রক্ষা তারেক মঞ্চের ব্যবস্থাপনায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রায় দু’সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
স্বাস্থ্যখাতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার অবদান প্রসঙ্গে তিনি বলেন, ‘সংক্রামক ব্যাধি প্রতিরোধে ১৯৭৯ সালে তার হাত ধরেই ইপিআই কার্যক্রমের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়। তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয় আইসিডিডিআরবি’র মতো আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান, যেখান থেকে আবিষ্কৃত হয় জীবনরক্ষাকারী ওরস্যালাইন।
তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন ও নগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আর ইউ চৌধুরী শাহিন, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া প্রমুখ।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

