ঈদুল আজহায় এনসিপির উদ্যোগে ব্যাপক সাড়া

ঈদুল আজহায় এনসিপির উদ্যোগে ব্যাপক সাড়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে দেশের কয়েকটি স্থানে ঈদুল আজহায় পশু কোরবানির সংবাদ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রংপুর

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের তত্ত্বাবধানে রংপুরের পীরগাছা কাউনিয়া উপজেলায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদের পরিবার এবং অসহায় মানুষদের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়।

পঞ্চগড়

পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ের জুলাই-আগস্ট অভ্যুত্থানের বীর শহীদ পাঁচজনের পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন করেছেন।

ফেসবুক পেজে তিনি এক পোস্টে লিখেন,

‘পঞ্চগড়ে জুলাই অভ্যুত্থানের বীর শহীদ পাঁচজন।

রক্তের বন্ধনে আবদ্ধ আমার এই পরিবারগুলোর সাথে আজকের দিনের অধিকাংশ সময়।

শহীদ সাজু ভাই নিজের সন্তানকে দেখে যেতে পারেননি। ২৭ জুলাই সন্তান পৃথিবীতে এসেছে। জন্মের পূর্বেই নাম ঠিক করে রেখে গিয়েছিলেন আবু সাঈদ। ১১ মাস বয়সের আবু সাঈদ হয়তো জানেই না একটা দেশের ইতিহাসের কত বড় অংশ সে! কিংবা যার থেকে অনুপ্রাণিত হয়ে তার বাবা তার নাম আবু সাঈদ রেখেছেন সেই আবু সাঈদ একটা দেশের ইতিহাস পরিবর্তনের কত শক্তিশালী প্রতীক!

শহীদ সাজু ভাইয়ের ১৯ বছর বয়সের স্ত্রী এখন দিশেহারা।

শহীদ শাওন ভাইয়ের তিন বছরের এক সন্তান আছে।

২২ বছর বয়সী তার স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে কিংকর্তব্যবিমুঢ় !

শহীদ সুমন ছিলেন বৃদ্ধ বাবা-মা আর তিন বোনের সকল স্বপ্নের সমন্বয়। আজ সেই স্বপ্নগুলো ধূ ধূ মরুভূমি।

স্বামীর থেকে যুগের বেশি সময় ধরে আলাদা থাকা শহীদ সাগরের মা তার একমাত্র অবলম্বন সাগরকে হারিয়ে পাগলপ্রায় হয়ে স্বাভাবিক জীবন থেকে দূরে সরে গিয়েছেন।

এমন জানা-অজানা হাজারো গল্পের ফল আমাদের এই অভ্যুত্থান, এই নতুন দেশ।‌‌ এই স্বপ্নগুলোর সাথে কোন আপোষ করা হবে না, আপোষ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।’

সিরাজগঞ্জ

এনসিপি সিরাজগঞ্জ জেলার উদ্যোগে জেলার সকল শহীদদের জন্য ঈদুল আযহা উপলক্ষে গরু কোরবানি করা হয় এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

সিরাজগঞ্জের ১৩ শহীদ পরিবার এবং দুস্থ আহতদের মাঝে কোরবানির গোস্ত বিতরণ এবং মতবিনিময় করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ।

তিনি বলেন, এনসিপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতরা, তাদের এই ত্যাগের ওপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশ নতুন করে গড়তে চাই।

মতবিনিময় কালে আওয়ামী লীগের বিচার, মৌলিক সংস্কার এবং এরপর জাতীয় নির্বাচন, এর আগেই নির্বাচন হলে তা জনগণের সাথে হবে প্রতারণা এছাড়াও এনসিপির ক্রাউড ফান্ডিং নিয়েও আলোচনা করা হয় বলেও জানান তিনি।

উক্ত আয়োজনে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতার উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই আন্দোলন শহীদদের সম্মানে ১৪টি গরু কুরবানি দেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহবায়ক মাহবুব আলম কুরবানির আয়োজন করেন। পরে তা ঐ উপজেলার একহাজার পরিবারের মাঝে বন্টন করে দেয়া হয়।

তুরস্ক ভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন ও সোয়াব এর সহযোগিতায় এবং এনসিপির স্থানীয় সংগঠক ও শুভাকাঙ্ক্ষীদের অনুদানে শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে ১৪টি গরু কোরবানি দেওয়া হয়।

সকাল থেকে শতাধিক মানুষের কর্মযজ্ঞে তা পৌঁছে দেওয়া হয় ১হাজার পরিবারের মাঝে। গরু জবাইয়ের সময় রামগঞ্জের জুলাই আন্দোলনে নিহত ৬জন শহীদ পরিবার উপস্থিত ছিলেন। গরু মাংস ছাড়াও ঈদ উপহার সামগ্রীতে রয়েছে আটা, আলু, সয়াবিন তেল।

এনসিপির যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনে রামগঞ্জের ৬জন শহীদের সম্মানে ১৪টি গরু কুরবানি করা হয়। এরমধ্যে শহীদদের নামে একটি গরু কুরবানি দেওয়া হয়েছে। এসময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কোনবানির গরুর গোস্তসহ এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।

দেশের বিভিন্নস্থানে এ সকল আয়োজনে স্থানীয় উপকারভোগীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন