ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সমমনা জোট ও লেবার পার্টি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সমমনা জোট ও লেবার পার্টি

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছে জাতীয়তাবাদী সমমনা জোটের ১১টি রাজনৈতিক দল ও বাংলাদেশ লেবার পার্টি। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠকের পর আলাদা আলাদা করে সংবাদ সম্মেলনে এ দাবি করেন রাজনৈতিক দলের নেতারা।

বিজ্ঞাপন

এদিন বিকেল ৫টা ২০ মিনিটে লিয়াঁজো কমিটির কমিটি প্রধান ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান-এর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল এবং সন্ধ্যা ৭টায় সমমনা জোটের প্রধানন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ-এর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। বিগত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল মানুষের মিলনমেলায় আমরা একটি গণঅভ্যুত্থান করেছি।

তিনি বলেন, আজকের সরকার বিগত ৮ মাস ধরে দায়িত্ব পালন করছে। ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সকল রাজনৈতিক দলের সম্মতিতে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, এ জন্য তার কাছে আমাদের প্রত্যাশাও অনেক।অন্তর্বর্তী সরকার একটা স্বল্প সময়ের জন্য গঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। তেমনি আমাদের প্রত্যাশার জায়গাটাও অনেক বেশি। আমরা মনে করি তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে এ দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। আমাদের দাবি হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আপনারা জানেন যে দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এক দফা দাবিতে। সেটি হল শেখ হাসিনার পতন এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন। আমাদের একটা দফা অলরেডি জয়ী হয়েছি। এখন হচ্ছে নির্বাচনের ব্যাপারটা। নির্বাচনের জন্য ইলেকশন কমিশন ইতিমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছে যে, জুনের ভেতর তারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছে, এবং সংস্কার কমিশনও বলেছে মে মাসের শেষের দিকে তারা এসব সংস্কার শেষ করবে। অতএব আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, বিউটি অব দা ডেমোক্রেসির জন্য জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দরকার। সেই জনগণের প্রতিনিধিত্ব সরকার করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচনটা আমরা ডিসেম্বরের মধ্যে চাই।

তিনি বলেন, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা কয়েকবার বলেছিলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আবার তিনি এখন বলেছেন ডিসেম্বর টু জুন। এরমধ্যে ফেব্রুয়ারি মাসে আমাদের রোজা, তারপর মার্চের শেষে পরীক্ষা আছে। এপ্রিল-মে মাসে এ দেশে বর্ষা আবহাওয়ার কারণে নির্বাচন সম্ভব না। তাই আমরা চাই ডিসেম্বরের ভেতর নির্বাচন হোক এবং নির্বাচনের জন্য এই সরকার একটা রোডম্যাপ দিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন