বাংলাদেশে প্রথম বিএনপিই ভারতবিরোধী আন্দোলন শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বুধবার রাজধানীর শান্তিনগরে নিজ অফিসে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি ভারতকে খুশি করার জন্য ডিসেম্বরে নির্বাচন চায় এমন প্রসঙ্গে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, 'বাংলাদেশে ভারতবিরোধী আন্দোলন আমরাই প্রথম করছি। কিন্তু ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে হামলার পর কেউ কিন্তু লংমার্চ করেনি। আমরা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল লংমার্চ করেছি। আখাউড়া সীমানেতার জিরো পয়েন্ট পর্যন্ত আমরাই গিয়েছি। যারা (এনসিপি) এখন বড় বড় কথা বলছে, তারা কেউই প্রতিবাদ করার সাহসও দেখায়নি।'
তিস্তা চুক্তির ন্যায্য হিস্যা নিয়ে বিএনপি নেতৃত্বে আন্দোলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'কিছুদিন আগে তিস্তার ন্যায্য অধিকার আদায়ের জন্য বিএনপি টানা কর্মসূচি পালন করেছে। তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ১০ লক্ষাধিক সাধারণ মানুষের উপস্থিতিতে বিএনপি সমাবেশ করেছে। সমাবেশের প্রধান অতিথির ভাষণ দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতবিরোধী এমন শক্ত অবস্থানের পরে আমরা কিভাবে ভারতের দালালি করছি, নাকি ওরা করছে (এনসিপি), ওদেরকে জিজ্ঞাসা করুন।'
তিনি আরও বলেন, 'জিয়াউর রহমানও ভারতের ফারাক্কা বিরোধী লংমার্চ করিয়েছিলেন মওলানা ভাসানীকে দিয়ে। সুতরাং আমরাই ভারতবিরোধী অবস্থানে আছি। আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চাই। প্রতিবেশী কী বললো, আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা নির্বাচন চেয়েছি, তারা কী বলছে, তাদের কথার সাথে আমাদের কথার মিল আছে কি না, সেটাতো আমরা হিসাব করে কথা বলছি না। আমরা আমাদের জায়গা থেকে বলছি।'
কয়েকদিন আগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বিএনপিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে লিখেন, 'ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে, তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে। এই ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না। যারা ক্ষমতা লোভে বেহুঁশ হয়ে আছেন, তাদের হুশে ফেরার আহবান জানাচ্ছি।'
নাসির উদ্দীন পাটোয়ারীর এমন বক্তব্যের সমালোচনা করে যুবদল সভাপতি বলেন, 'আমরা নির্বাচনের বিষয়ে বেহুঁশ হওয়ার মতো কাজ করছি না। অল্প পানির মাছ গভীর পানিতে পড়লে যেরকম করে, তারা ওইটাই করছে। আমি কিন্তু মিস্টার পাটোয়ারিকে বলেছি, কথাবার্তা সংযত হয়ে বলেন। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। তারা নির্বাচনে মাঠের বাইরে থেকে ক্ষমতায় থাকতে চাচ্ছে। বেহুঁশ কারা হয়ে গিয়েছে? আমরা জনগণের ম্যান্ডেট চাচ্ছি, ভোটের অধিকার চাচ্ছি। এখানে তো বেহুঁশ হওয়ার কোনো কথা আমরা বলছি না। আপনি জনগণ, আমি জনগণ। আমরা আমাদের ভোটের অধিকার চাই। এই কথার মাধ্যমে আমরা কোনো অন্যায় কিছু বলছি নাকি? বেহুঁশ তো তারা হচ্ছে। তাদের একজন উপদেষ্টা বলেছিলো, এনসিপির সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে ৩১ মে একটা ক্যাফে রেস্টুরেন্টে গোপন মিটিং করলো কেন? ওই মিটিংয়ে তাসনিম জারা ছিলো, ওখানে আসিফ মাহমুদ ভূইয়া সজিব ছিলো। তাহলে কারা কথার বরখেলাপ করছে?'
তিনি আরও বলেন, 'তারা তো কোনো রাজনৈতিক আচরণ করছে না। রাজনৈতিক আচরণ তো আমরা করছি। আমাদের নেতা তারেক রহমান প্রত্যেকটি বক্তব্যে মানুষকে সম্মান করে কথা বলছেন, প্রত্যেকটি দলকে সম্মান করে কথা বলছেন।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

