অবিলম্বে সংস্কার শেষ ও সনদ ঘোষণা করুন, সরকারকে ফখরুল

অবিলম্বে সংস্কার শেষ ও সনদ ঘোষণা করুন, সরকারকে ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই অবিলম্বে দেশের সংস্কারগুলো শেষ করুন এবং সনদ ঘোষণা করুন। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই সময়টার মধ্যে নির্বাচন দেন। মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দেন।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু'র ৫ম তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভার আয়োজন করেছে শফিউল বারী বাবু স্মৃতি সংসদ। স্মরণ সভায় সভাপতিত্ব করেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে খবরের কাগজে দেখলাম ১২টি মৌলিক বিষয়ের পরিবর্তনে সবগুলো দল একমত হয়েছে। এজন্য আমি ড. আলী রীয়াজকে ধন্যবাদ জানাই। আমাদেরকে অনেকে খোঁটা দেয় আমরা নাকি সংস্কার চাই না। কিন্তু, সংস্কারের চিন্তাটাই তো আমাদের। সংস্কারের শুরুটা হয়েছে আমাদের দিয়ে। আমরা সংস্কারকে ভয় পাইনা, আমরা সংস্কারকে স্বাগত জানাই।

তিনি বলেন, পিআর পদ্ধতি আমাদের দেশের মানুষ বুঝেই না। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, তারা পিআর বুঝবে কীভাবে। দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে। শুধু প্রমোট নয়, তারা পণ করে বসে আছে এটা (পিআর পদ্ধতি) না হলে তারা নির্বাচনে যাবে না।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই মহাসচিব বলেন, এদেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন। প্রতিনিধিত্বের ব্যবস্থা এবং পার্লামেন্টে নির্বাচনের ব্যবস্থা করেন। তাহলেই সমস্যার সমাধান হবে। বাইর থেকে এসে নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না।

স্মরণ সভায় এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন