ফ্যাসিবাদীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন

ফ্যাসিবাদীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে নেতারা বলেছেন, মঙ্গলবার যেভাবে গেট ভেঙ্গে সচিবালয়ে প্রবেশ করা হয়েছে তাতে আমরা শঙ্কা বোধ করছি যে, পতিত ফ্যাসিবাদ হয়তো সুযোগ নিতে চাইছে। ফ্যাসিবাদের পালাতক নেতাদের অনলাইন কার্যক্রমও তেমনি ইঙ্গিত দেয়। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার ঘোষণা করছে যে, আমাদের কষ্ট ও বেদনার সমাধান আমরাই করবো, কিন্তু পতিত ফ্যাসিবাদ কোন সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। কোন অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ নিতে দেয়া যাবে না।

রাজপথে আন্দোলনরতদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছেন, আজকের যে বেদনা ও কষ্ট তা বিগত ৫৪ বছরের ধারাবাহিক অরাজকতার প্রতিফল। আমরা সেই অরাজকতা দুর করতে জুলাইতে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন দেশগড়ার সময়। পতিত ফ্যাসিবাদ আবারো ছোবল দেয়ার জন্য মুখিয়ে আছে। কোন অবস্থাতেই যেন তারা কোন সুযোগ নিতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সোমবার মাইলস্টোন স্কুলে যা ঘটেছে তা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। শোক প্রকাশ করার ভাষাও আমরা হারিয়ে ফেলেছি। কষ্ট, বেদনা আর আক্ষেপে হৃদয় হাহাকার করছে। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, নিহতরা শাহাদাতের মর্যাদায় সম্মানিত হোক, শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্যধারণ করার তৌফিক দিন এই প্রত্যাশায় আমরা ব্যাকুল হয়ে আছি।

মঙ্গলবার পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক বৈঠকে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন