ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর অ্যাপেনডিক্সের অপারেশন আজ (মঙ্গলবার) রাতে হতে যাচ্ছে। এজন্য তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মেঘমল্লার লেখেন, “যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো। শরীর বিট্রেই করলো। আজ রাতে অ্যাপেন্ডিক্সের অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারবো না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি এরই মধ্যেই বেশ খারাপ। রাজনৈতিক শত্রু-মিত্র সবার দোয়া, আশীর্বাদপ্রার্থী।”
তার এই পোস্টে নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন। তাদের মধ্যে আছেন—এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ, ডাকসুর জিএস প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভুঁইয়া, আশরেফা খাতুন, আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
হাসনাত আব্দুল্লাহ তার মন্তব্যে লিখেছেন, “দ্রুত সুস্থতা কামনা করছি ভাই। দোয়া রইলো।” এস এম ফরহাদ লিখেছেন, “দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা রইলো দাদা।” আর আল সাদী ভুঁইয়া লিখেছেন, “সুস্থ হয়ে উঠুন দাদা।”
এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলমও মেঘমল্লারের পোস্টটি শেয়ার করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

