‘হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি’

‘হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি’

মুক্তিযুদ্ধ বিয়ষক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শুধু দলীয় কর্মীদের চাঙ্গা করতে চলতি বছর ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার কথা বলেছেন। এটি নিষিদ্ধ দল আওয়ামী লীগের একটি রাজনৈতিক ভাওতাবাজি।

বিজ্ঞাপন

শনিবার এফডিসিতে ‘জুলাই হত্যাকাণ্ডের দায়’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদ প্রতিযোগিতাটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

ইশরাক হোসেন বলেন,আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ভুল ছিল। গণতন্ত্রের পরিবর্তে তারা ফ্যাসিজমের দিকে ধাবিত হয়েছিল। তারা মুক্তিযুদ্ধকে বিক্রি করে ও এক ব্যক্তির পূজার মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল। জুলাই গণহত্যায় আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ২০২৪ এর ৫ আগস্টের পরে আওয়ামী গোষ্ঠী সামাজিকভাবে লুকিয়ে থাকলেও তাদের দোসররা প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পর্যায়ে অবস্থান করছে। আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের আর সুযোগ নেই।

প্রতিমন্ত্রী আরো বলেন, জুলাই অভ্যুত্থানের আগেই আওয়ামী পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে কাপুরুষের পরিচয় দিয়েছে। আমাদের মাঝে যতোই বিভেদ থাকুক না কেন, গণঅভ্যুত্থানের সকল পক্ষ ঐক্যবদ্ধ না থাকলে আওয়ামী লীগ ফিরে আসার শঙ্কা রয়েছে। গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যই জুলাই চেতনাকে সুরক্ষিত করবে। জুলাই ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদী শক্তি উত্থানের শঙ্কা রয়েছে। ছোটখাটো ইস্যু নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যে বাকবিতণ্ডা করছে তা অপ্রত্যাশিত। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে দেশী বিদেশী অপশক্তি তৎপর রয়েছে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে। জুলাইয়ের চেতনা ব্যর্থ করার অপচেষ্টা প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতিতে মত-দ্বিমত থাকবে, সেই মত-দ্বিমত যাতে বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসায় রূপ না নেয় সেটি দল-মত নির্বিশেষে প্রত্যেককে খেয়াল রাখতে হবে বলেও সর্তক করেন প্রতিমন্ত্রী।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থান শুধু আওয়ামী সরকারের পতন ছিলো না। জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক, নৈতিক ও আদর্শগত পরাজয় ঘটেছে। এই হত্যাকাণ্ডের দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কোনভাবেই এড়াতে পারে না। জুলাইয়ের প্রত্যেকটি হত্যাকাণ্ডই তার সম্মতিতে হয়েছে। ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে জুলাই হত্যাকাণ্ডের নিষ্ঠুরতা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে।

‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গণবিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন