দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে রশিদ গ্রুপ।
এম কফিল উদ্দিন আহমেদ এলাকাবাসীর উদ্দেশে বলেন, বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নিবেন। আগামী দিনে যে কর্মসূচি আসবে তাতে অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনার আমলে এই এলাকায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা ঈদ উপহার সামগ্রী নিয়ে কিংবা সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে এসে দাঁড়িয়েছিলেন কি না, আমার জানা নেই। বিএনপি গণমানুষের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সব সময় মানুষের পাশে দাঁড়াই, তাদের পাশে থাকার চেষ্টা করি।
আগামীতেও এলাকাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে কফিল উদ্দিন বলেন, আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও বেশি কিছু নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রশিদ গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে কয়েকশ' পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, বিএনপি নেতা মুকুল সরকার, সাবেক মহিলা কাউন্সিলর ইলোরা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ঈদুল ফিতরেও রশিদ গ্রুপের উদ্যোগে দুস্থ, অসহায় ও স্বল্প আয়ের মানুষের মাঝে একাধিক দিন উপহারসামগ্রী হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

