আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এ উপলক্ষে রোববার বিকালে রাজধানীর বিজয়নগর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘অভিনন্দন অভিযাত্রা’ বের করে দলটি। অভিযাত্রায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ায় সরকারকে অভিনন্দন জানাই।

বিজ্ঞাপন

জাতিসংঘ ঘোষিত গণহত‍্যাকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাহী আদেশে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না দিয়ে আমরা চাচ্ছিলাম বিচারিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার জন‍্য। আওয়ামী লীগ যে সীমাহীন অন‍্যায়, জুলুম ও লুটপাট করেছে তাতে এ দলটার বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে ফুঁসে উঠেছে, অতএব এই পদক্ষেপ যুক্তিযুক্ত এবং এতে নাগরিকদের প্রত‍্যাশার প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি।

তিনি বলেন, অভিযাত্রা পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার। যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন সভা সঞ্চালনা করেন।

এ ছাড়া পার্টির নেতাদের মধ্যে আরো বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানি আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, শাহাদাতুল্লাহ টুটুল, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান ও এবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন