জুলাই বিপ্লবে দেশ থেকে ফ্যাসিস্ট সরকার মুক্ত হলেও ষড়যন্ত্র থেকে এখনো মুক্ত হয়নি মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট মাল্টিপারপাস হলে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগ ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সেলিমা রহমান বলেন, জুলাই বিপ্লবের পরে আজকে ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হয়েছি। কিন্তু এখনো ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত হয়নি দেশ। ফ্যাসিস্টের দোসররা এখনো দেশের বিভিন্ন জায়গায় বসে অস্থিশীল করে যাচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মনে রাখতে কোকো জীবন দিয়ে গেছে বেগম জিয়া জেল খেটেছেন- যিনি দেশের জন্য কখনো মাথা নত করেনি। তাদের কথা চিন্তা করে আগামী নির্বাচনের জন্য আমরা একসাথে কাজ করি।
সেলিমা রহমান বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন জাতির সূর্য সন্তান। তিনি ফ্যাসিস্ট সরকারের অমানবিক নির্যাতনে অকালে প্রাণ হারিয়েছেন। তিনি নিজের ক্ষমতা না দেখিয়ে ক্রীড়াজ্ঞান দিয়ে একটি অনন্য জায়গায় নিয়ে গিয়েছেন।
গত ১৫ বছরে জিয়া পরিবারের ওপর নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, জিয়া পরিবার গত ১৫ বছরে নির্যাতনের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। যা দেশের কোন রাজনৈতিক পরিবার কখনো শিকার হয়নি। আমাদের নেত্রী খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। তিনি কখনো সরকারেরে সাথে আপোষ না করে জনগণের জন্য জেলে খেটেছেন। জেলে নির্যাতনের কারণে আজকে মৃত্যুর সাথে লড়াই করছেন। শেখ হাসিনা ক্ষমতা দখল করার জন্য আর জিয়া পরিবারকে শেষ করার জন্য এই নির্যাতন চালিয়েছে বলে জানান তিনি।
ইফতার মাহফিলে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি মো: সাইফুল ইসলাম রাশেদ বলেন, গত ১৫ বছরের জোটবদ্ধ দলগুলো বিএনপির বিরুদ্ধে বদনাম রটাচ্ছে। এতে করে স্বৈরাচার ফ্যাসিবাদরা সোচ্চার হচ্ছে। এতে কেউ আগামীর লাভলোকসান কেউ হিসাব করছেন না। কেউ আখেরাতের কথা বলে বিএনপির বিরুদ্ধে বদনাম করে ক্ষমতায় আসতে চাচ্ছে। যারা জোটের ইমানদারি শপথ রক্ষা করতে পারে না।তারা কিভাবে স্বৈরাচারীকে বিচারের মুখোমুখি করবে।
এছাড়া ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু, দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, দলটির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উপদেষ্টা ড.নজরুল ইসলাম খান, ক্রীড়া পরিষদের সহ সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

