রাজধানীর নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ কর্মসূচির কারণে গত বুধবার ব্যাপক যানজট হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। সমাবেশ ঘিরে সৃষ্টি হওয়া এ যানজট ও জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে আয়োজক সংগঠনগুলো। পাশাপাশি কর্মসূচির সফল আয়োজন ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তার জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নগরবাসীর কাছে এ দুঃখ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখার আলোকে দেশের তরুণ সমাজকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে এক মাসব্যাপী ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করা হয়েছিল, যা বুধবার শেষ হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম, খুলনা, বগুড়া এবং ঢাকায় আয়োজিত দুদিনের সেমিনার ও সমাবেশের কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তরুণদের সৃজনশীলতা, দক্ষতা আর ভাবনাকে কাজে লাগিয়ে রাজনীতি ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করা। একইসঙ্গে জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সংযুক্ত করা।
লিখিত বক্তব্যে যুবদল সভাপতি আরো বলেন, তবে ঢাকা এবং অন্যান্য শহরে উত্তাল তরঙ্গে লাখ লাখ মানুষের উপস্থিতির ফলে নগরবাসীর যে সামগ্রিক দুর্ভোগ হয়েছে, বিশেষ করে যানজটের কারণে— তার জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রতিটি কর্মসূচিকে নির্বিঘ্ন ও সফল করতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও ট্রাফিক বিভাগকে কৃতজ্ঞতা জানাই। ঢাকার সমাবেশ শেষে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে তিনটি সংগঠন যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে স্থান ত্যাগ করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

