বিশ্ব মানবতার সম্মুখে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ও প্রমাণিত হওয়ার পর শেখ হাসিনার রাজনীতি সমাপ্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব।
বৃহস্পতিবার বিকালে দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেন তিনি।
আ স ম রব বলেন, অবৈধ-ক্ষমতা দখলে রাখার স্বার্থে, ঘাতকদের দুষ্কর্মের নির্দেশদাতা হয়ে দেশ ও জনগণের রাজনীতি নিয়ে শেখ হাসিনার টু শব্দটি উচ্চারণ করাও আর ন্যায়সংগত হবে না। দেশের জনগণকে নির্বিচারে নৃশংস হত্যার নির্দেশদাতা ও অনুমোদনকারীর, বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই হবে রাষ্ট্রের সময়োচিত পদক্ষেপ।
তিনি মনে করেন, এখন শেখ হাসিনার উচিত সমস্ত ধরনের কূপমন্ডুকি পরিহার করে, ভারত থেকে ফিরে এসে বিচারের সম্মুখীন হওয়া। সত্যের প্রতি আনুগত্য হওয়া ভিন্ন আর কোনো বিকল্প নেই ।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সমগ্র জাতির গতিমুখ পরিবর্তন হওয়ার প্রেক্ষিতে, ’২৪-এর গণহত্যার অপরাধে অপরাধী হিসেবে আওয়ামী লীগের রাজনীতিও অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। কারণ, আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক নেতা, এম.পি. ও মন্ত্রী গণহত্যায় অংশগ্রহণ করেছে, বিশাল একটি অংশ সাহায্যকারীর ভূমিকা নিয়েছে এবং অনেকেই ইচ্ছাকৃত সমর্থন যুগিয়েছে। ইতিহাসের ভয়াবহ ও কলঙ্কিত গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতৃবৃন্দের রাজনীতি করার নৈতিক ও আইনগত অধিকার নিঃশেষ হয়ে গিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

