এভারকেয়ার হাসপাতালে ভিড় না করে দোয়া করার আহ্বান রিজভীর

এভারকেয়ার হাসপাতালে ভিড় না করে দোয়া করার আহ্বান রিজভীর

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।

রিজভী জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করছেন, যা চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে এবং অন্যান্য রোগীদের জন্যও সমস্যার তৈরি করছে।

তিনি বলেন, নেত্রীর প্রতি আপনাদের আবেগ স্বাভাবিক। আপনারা তাকে দেখতে চান, তার সুস্থতার জন্য মোনাজাত করেন—এটা ভালোবাসা থেকেই আসে। কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজ নিজ অবস্থান থেকে তার জন্য দোয়া করেন।

তিনি আরও জানান, দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন