যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন—এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলন করেছি আমরা। এদেশের মালিক এদেশের জনগণ। জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আৃয়োজিত টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টুকু বলেছেন—আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশের প্রত্যেক বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়েদের নামে। মায়েরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পাবে প্রতি মাসে। যাতে করে মায়েরা যেন ওই পরিবারে সম্মানিত হয়। এটা বিএনপি সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি নেতা আরও বলেন—আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। জনগণই নির্ধারণ করবে আগামীতে বাংলাদেশ কে পরিচালনা করবে। বিগত সরকার কিশোর গ্যাং তৈরি করে সারাদেশে মাঠে নামিয়েছিল। আজকের কিশোররা আগামীর বাংলাদেশ। কিশোরদের আগামীতে আর কেউ যেন পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব।
এ সময় উপস্থিত ছিলেন—ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় শুভ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


