জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে কোনো তাৎক্ষণিক রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য নয়, বরং দেশের সামগ্রিক ভবিষ্যৎ, ইসলামপন্থি রাজনীতির বিকাশ এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুদূরপ্রসারী চিন্তা থেকেই বাংলাদেশ খেলাফত মজলিস নিজেদের রাজনৈতিক অবস্থান নির্ধারণ করেছে বলে জানিয়েছেন দলের আমির আল্লামা মামুনুল হক।
শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে দলের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পথরেখা তুলে ধরে তিনি এ কথা জানান।
মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই বিপ্লবের পর দেশের মানুষের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।’
তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কেবল তাৎক্ষণিক লাভ-ক্ষতির হিসাব করা নয়; বরং দেশের ভবিষ্যৎ, ইসলামপন্থি রাজনীতির সুস্থ বিকাশ, আলেম সমাজের রাজনৈতিক ভূমিকা এবং একটি ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। সেই সুদূরপ্রসারী বিবেচনা থেকেই বাংলাদেশ খেলাফত মজলিস নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
দলের অবস্থান কোনো আকস্মিক পদক্ষেপ নয় উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘আমাদের রাজনৈতিক অবস্থান কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; এটি একটি দীর্ঘ আলোচনা, সাংগঠনিক পরামর্শ, রাজনৈতিক বাস্তবতা পর্যালোচনা এবং জাতির ভবিষ্যৎ কল্যাণের বিবেচনায় গৃহীত অবস্থান।’
তিনি আরো যোগ করেন, দলের এই অবস্থানের পক্ষে যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন এবং যেকোনো গঠনমূলক সমালোচনা গ্রহণে তারা প্রস্তুত। একই সঙ্গে দেশের স্বার্থে যেকোনো যুক্তিনির্ভর রাজনৈতিক সংলাপে অংশ নিতেও বাংলাদেশ খেলাফত মজলিস সদা প্রস্তুত রয়েছে। এটিই দলের রাজনৈতিক অবস্থানের মূল কথা বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


