টানা ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

টানা ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক হবে বাণিজ্যিক কার্যক্রম।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।

তিনি জানান, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, আন্তর্জাতিক আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে থাকা পণ্যের খালাস, পরিবহন ও গুদামজাতকরণের কাজ সীমিত পরিসরে চালু থাকবে।

এদিকে, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন সোনামসজিদ ইমিগ্রেশনের ইনচার্জ জামিরুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন