কুয়েতে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলনে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

কুয়েতে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলনে জামায়াত আমির

কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। সফরের তৃতীয় দিনে শুক্রবার নানামুখী কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে কর্মব্যস্ত সময় পার করেন তিনি।

জামায়াত আমিরের সফরসঙ্গী ড. খলিলুর রহমান মাদানী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের দ্বিবার্ষিক কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, উলামায়ে কেরাম ও ইসলামী নেতাদেরকে হত্যা, গুম ও নির্যাতনকারী ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, পতিত সরকার দেশের শীর্ষ ইসলামিক নেতাদেরকে বিচারের নামে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। এসময় হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে। হাজার হাজার মানুষের নামে মামলা দেয়া হয়েছে। আলেমদের নামে মামলা দিয়ে জেলে ও রিমান্ডে নিয়ে এবং ডান্ডা বেড়ি পরিয়ে অপমানিত করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের লোকেরা রাজকোষ লুট, ব্যাংক ডাকাতি করে বিদেশে পাচার করেছে। তারা দেশের স্ববিরোধী চুক্তি করে দেশকে দখলদার শক্তির হাতে তুলে দেয়ার চক্রান্ত করে।

তিনি কুয়েতের স্বার্থ বিরোধী, নৈতিকতা বিবর্জিত ও বাংলাদেশের স্বার্থবিরোধী কোন কাজে জড়িত না হতে আহ্বান জানান।

সূত্রমতে, শুক্রবার সদস্য সম্মেলন ছাড়াও ইন্ডিয়ান ও পাকিস্তান কমিউনিটির নেতাদের সাথে বৈঠক, বাহরাইন থেকে আগত প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় এবং প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আমিরে জামায়াতের মতবিনিময় এবং গণসম্বর্ধনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বুধবার সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে পৌঁছান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিব হাফেজ মাওলানা নুরুল আলমসহ সংগঠনের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন