মিয়ানমারে করিডোর সিদ্ধান্তে সরকারের দ্রুত সংলাপে বসা প্রয়োজন: নাহিদ

মিয়ানমারে করিডোর সিদ্ধান্তে সরকারের দ্রুত সংলাপে বসা প্রয়োজন: নাহিদ

মিয়ানমারের রাখাইনের সঙ্গে বাংলাদেশের মানবিক করিডোরের মত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের খুবই দ্রুত সংলাপে বসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এনসিপির বৈঠক শেষে তিনি একথা বলেন। রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা মানবিক করিডরের (মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘ সহায়তা করিডোর) বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল যে উদ্বেগ দেখিয়েছে, বক্তব্য দিয়েছে তার সঙ্গে একমত পোষণ করছি। এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আলোচনা করার প্রয়োজন ছিল কারণ এই সরকার সবার ঐক্যমত্যের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। এই ধরনের জাতীয় সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন। আমরা স্পষ্ট হয়নি করিডোর বা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টা কিভাবে থাকবে। পুরো বিষয়টা পরিষ্কার হওয়া প্রয়োজন। তাহলে আমাদেরও মন্তব্য করতে সুবিধা হবে।

বৈঠকে নির্বাচনি জোট করা নিয়ে আলোচনা হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনি জোট নিয়ে এ আলোচনা নয়। একটি নতুন রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করা আমাদের দায়িত্ব। এটা একটা উদ্দেশ্য। আরেকটা হচ্ছে, জুলাই অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেখানে সেই আস্থা ও প্রত্যাশা দেয়া যে, বিচার এবং সংস্কার হবে। সেখানে যে দলগুলোরও সদিচ্ছা রয়েছে, আমরা ঐক্যবদ্ধ আছি সে বিষয়টি মানুষের সামনে উপস্থাপন করা। এখানে নির্বাচনের বিষয়গুলো আসে নেই। তবে রাজনৈতিক মাঠের ঐক্য নির্বাচনের দিকে যাবে কী না সেটা আসলে পরবর্তী সময়েই বুঝা যাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, যে ফ্যাসিস্ট হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এদের বিচার আগে হবে, প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন। ফ্যাসিস্টের সুরে সুর মিলিয়ে বার বার নির্বাচনের কথা যারা বলছে, আমরা আলোচনা করলে দেখি- গত তিপ্পান্ন বছরের ইতিহাসের আবার পুনরাবৃত্তি হবে, আমরা যা চাচ্ছি তা হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন