দেশব্যাপী চলমান অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জোর দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে শিক্ষা প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকারপূর্বক পদত্যাগের বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ষাণ্মাসিক পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তব্যে এসব দাবি জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
কেন্দ্রীয় সভাপতি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অসংখ্য শিক্ষার্থী নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। এমন বাস্তবতায় পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত দুর্ভোগ, নিরাপত্তা ঝুঁকি ও মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি শিক্ষা প্রশাসনের সমন্বয়হীনতা ও দায়িত্বহীন সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও অব্যবস্থাপনার কারণে অনেক পরীক্ষার্থী কাঙ্ক্ষিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অপরিকল্পিত ও হঠকারী সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকারপূর্বক পদত্যাগের বিষয়টিও সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
নেতৃবৃন্দ বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তাই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। একই সঙ্গে পুনর্নির্ধারিত পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়।
দুর্যোগের এই সময়ে মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া রাষ্ট্রের দায়িত্ব। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচী ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ, কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, সেক্রেটারি জেনারেল, সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রমুখ নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

