বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের প্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে অবস্থিত অডিটরিয়ামে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতিঝিল অঞ্চলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী যারা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে আওয়ামী লীগের ভূমিকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল, লুটপাট, পাথর দিয়ে মানুষ হত্যার মত ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়ে আসছে, তারা জাতির দুশমন। জাতির দুশমনদের নিপাত করে একটি সুখি-সমৃদ্ধ, বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, নৈরাজ্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে মতিঝিল অঞ্চলের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

