আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার

ময়মনসিংহ অফিস

জামায়াতকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, নির্বাচনে ভোটগ্রহণ তুলনামূলক শান্তিপূর্ণ হলেও ভোট গণনা, ফলাফল প্রস্তুত এবং ঘোষণার পর্যায়ে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জামায়াতে ইসলামীর প্রার্থীদের পরাজিত করা হয়েছে। তার দাবি, সারা দেশে পঞ্চাশটিরও বেশি সংসদীয় আসনে অল্প ভোটের ব্যবধানে দলটিকে হারিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার বলেন, অনেক আসনে এক থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীদের পরাজিত দেখানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ইতোমধ্যে অভিযোগ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ট্রাইব্যুনালের মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করা হবে।

তিনি আরও বলেন, ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারতেন, তাহলে ফলাফল ভিন্ন হতে পারত। ভোটকেন্দ্রে বড় ধরনের সহিংসতা না ঘটলেও ফলাফল প্রণয়ন ও ঘোষণার সময় অনিয়ম হয়েছে বলে আমরা মনে করি।

জামায়াতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামী সবসময় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এবং সহিংসতা বা চরমপন্থাকে ইসলামের পথ হিসেবে মনে করে না। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে দলের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসমর্থন দেখা গেছে, যা রাজনৈতিক মহল ও গণমাধ্যমকেও বিস্মিত করেছে।

তিনি বলেন, নির্বাচনের আগে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া মানুষের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে এবং ভোট গণনার সময়ও বিভিন্ন স্থান থেকে বিজয়ের খবর পাওয়া যাচ্ছিল। তবে পরবর্তীতে পরিকল্পিতভাবে ফলাফল প্রকাশে বাধা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আগামী দিনেও জামায়াতে ইসলামী গণতান্ত্রিক ধারায় রাজনীতি চালিয়ে যাবে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, দলটি সরকার ও জনগণের কল্যাণে গঠনমূলক ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে বলেন, আদর্শ, নৈতিকতা ও যুক্তির মাধ্যমেই রাজনৈতিক মোকাবিলা হওয়া উচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন