বিএনপি ক্ষমতায় গেলে ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : ডা. হারুন

বিএনপি ক্ষমতায় গেলে ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : ডা. হারুন

বিএনপি ক্ষমতায় গেলে ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।

বিজ্ঞাপন

বুধবার সকালে রাজধানীর মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজে চিকিৎসকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। আসন্ন ড্যাব কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি আসন্ন নির্বাচনে সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী।

তিনি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ডেন্টাল চিকিৎসকদের দাবি অনুযায়ী দেশের মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহকে মেডিকেল কলেজে রূপান্তর করা হবে। একইসাথে সমস্ত ডেন্টাল কলেজকে ইনোভাইট করে ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে সব ডেন্টাল সাবজেক্টকে উন্নত করার পদক্ষেপ নেয়া হবে।

চিকিৎসকদের উদ্দেশে অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, যারা জাতীয়তাবাদের আদর্শ-মতবাদে বিশ্বাসী, সৎ, মেধাবী, ত্যাগী এবং অতীতে রাজপথের পরীক্ষিত নেতৃত্ব; সেই নেতৃত্বের সাথে থাকলে আপনাদের মেধা ও কাজের মূল্যায়ন হবে। একইসঙ্গে আপনারা আপনাদের সাবজেক্ট, মেডিকেল কলেজ ও শাখাকে উন্নত করতে পারবেন।

তিনি বলেন, ডেন্টাল এর চিকিৎসকরা আমাদের কাছে অত্যন্ত প্রিয়। আমরা ড্যাবের নেতৃত্বে থাকাবস্থায় ডেন্টাল চিকিৎসকদের বিভিন্ন ভালো ভালো জায়গায় পদায়ন করেছি, ডেন্টাল চিকিৎসকদের ক্ষমতায়িত করার চেষ্টা করেছি।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) এক্সিকিউটিভ কমিটিতে অতীতে কোনোদিন ডেন্টালের কোনো প্রতিনিধি ছিল না। আমরা বিএমডিসির নির্বাহী কমিটিতে ডেন্টাল চিকিৎসকদের থেকে একজনকে ইসি মেম্বার হিসেবে রেখেছি এবং বিএমডিসির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি সাব কমিটিতেও দুইজন ডেন্টাল চিকিৎসককে প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিগত সময়ে কোনো ডেন্টাল চিকিৎসকের বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনে সদস্য হওয়ার যোগ্যতা ছিল না। আমরা তাদেরকে সেই যোগ্যতা দিয়ে অ্যাসোসিয়েশনের সদস্য করেছি। আমরা বিশ্বাস করি, আগামী দিনে যখন অ্যাসোসিয়েশনের কমিটি হবে, আপনারা (ডেন্টাল চিকিৎসক) সেখানে নেতৃত্ব দিবেন।

ডা. হারুন বলেন, ডেন্টাল চিকিৎসকদের আরেকটি দাবি হচ্ছে, সারা দেশের চিকিৎসকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে (বিএমএ) অন্তর্ভুক্তকরণ। আমরা আগামী দিনে বিএমএ-তে নির্বাচিত হলে এবং দাবি বাস্তবসম্মত হলে আপনাদের বিএমএ’র সদস্য করার পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা ডেন্টাল কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিকের সভাপতিত্বে মতবিনিময় সভা যৌথভাবে সঞ্চালনা করেন ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির মহাসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. সজীব তরফদার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন