বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত কয়েকটি দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাফর)।
শনিবার পার্টির নির্বাহী কমিটির বৈঠকে দলের নেতারা এ অসন্তোষ প্রকাশ করে প্রয়োজনে জোট থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে বিএনপির নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করার কথা বলেন।
রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত পার্টির কার্যলয়ে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
বৈঠক সূত্রে জানা যায়, দলের জরুরি সভায় জাতীয় পার্টির (জাফর) নেতৃবৃন্দ ১২ দলীয় জোটের দীর্ঘদিনের কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে জোটের শরিক দলের সর্বোচ্চ নেতার কর্মকাণ্ড নিয়ে জাতীয় পার্টি (জাফর) নেতৃবৃন্দরা চরম অসন্তোষ প্রকাশ করেন৷ এসময় সকল নেতারা দলের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে ১২ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড ছাপ সৃষ্টি করেন।
এব্যাপারে জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আমার দেশকে বলেন, আজ আমাদের পার্টির নির্বাহী কমিটি বৈঠক হয়। সেখানে কমিটির সদস্যরা ১২ দলীয় জোটের কয়েকটি শরিক দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পার্টি ও জোট প্রধান হিসাবে আমি তাদের বলেছি, বিষয়টি সমাধানের জন্য প্রয়োনীয় পদক্ষেপ গ্রহণ করব।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক এমপি আহসান হাবীব লিংকন, পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নোয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা আহসান, আলহাজ্ব সেলিম মাস্টার, ব্যারিস্টার মোস্তফা হায়দার জুবায়ের, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, এড.শফিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, কাজী মো: নজরুল, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা,, ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, যুব সংহতির আহ্বায়ক রইস উদ্দিন, সদস্য সচিব নিজাম উদ্দিন সরকার প্রমূখ।
উল্লেখ্য, বারো দলীয় জোট হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 'যুগপৎ আন্দোলন'-এর লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির সমমনা ১২টি দল নিয়ে গঠিত সরকার-বিরোধী জোট। পূর্ববর্তী বিশ দলীয় জোট ভেঙে দিয়ে ২০২২ সালের ২২ ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে এই জোট গঠন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

