ইসলামী আন্দোলন

জুলাই সনদের খসড়ায় ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করা হয়েছে

জুলাই সনদের খসড়ায় ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করা হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ নেতারা বলেছেন, জুলাই সনদের খসড়া পড়ে এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনি বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে হয়েছে। খসড়ায় একবারের জন্যও পতিত ফ্যাসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ না করে ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করা হয়েছে।

তারা বলেন, সাম্প্রতিক একাধিক প্রমাণিত ফোনালাপে শেখ হাসিনাকে সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা গেছে। তারপরেও জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকার কারণ কী জাতি জানতে চায়। একই সঙ্গে জুলাই সনদে পতিত ফ্যাসিবাদকে গৎবাঁধা শব্দে ব্যক্ত করা হয়েছে। ফলে পতিত ফ্যাসিবাদের নির্মমতা, নৃশংসতা ও বিভীষিকাময় দুঃশাসনের চিত্র খসড়া সনদে নাই।

বিজ্ঞাপন

নেতারা বলেন, তাছাড়া ইসলামী আন্দোলনের আমির, নায়েবে আমির ও ইসলামী আন্দোলনের অবদান, মাদরাসার শিক্ষার্থীদের অবদান উল্লেখ থাকতে হবে। জুলাই সনদের নামে জাতির সঙ্গে তামাশা করা হয়েছে। জুলাই সনদকে নতুনভাবে বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে রচিত হতে হবে। রচিত সনদ চরম অসাড়, এর কোন আইনি ভিত্তি নেই।

শনিবার বিকেলে পুরানা পল্টনের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার এক সভায় নেতারা এসব কথা বলেন।

দলের সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজমুদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলহাজ আনোয়ার হোসেন, নুরুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ এম এইচ মোস্তফা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, ফজলুল হক মৃধা, শেখ মো. আবু তাহের, গোলাম মোস্তফা, মুফতি আব্দুল আহাদ, গোলামুর রহমান আযম ও হাফেজ সালাহউদ্দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন