জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার চার মাস পর শর্তসাপেক্ষে এই সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এই সনদে স্বাক্ষর করেন।
সনদ সইয়ের পর যমুনা থেকে বের হয়ে আখতার হোসেন সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের আহ্বানে, শর্তসাপেক্ষে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন।
তিনি বলেন, ’আজকে অন্তর্বর্তী সরকারের আহ্বানে আমরা নাহিদ ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের উদ্দেশ্যে এসেছিলাম। সেই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি। আমরা শর্ত সাপেক্ষে সেখানে স্বাক্ষর করেছি।’
শর্তের বিষয়ে আখতার হোসেন বলেন, ’আমরা বলেছি যে নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে জনাব নাহিদ ইসলাম আহবায়ক এবং আক্তার হোসেন আমি সদস্য সচিব এই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করলাম।’
তিনি এনসিপির পক্ষ থেকে দাবি তুলে ধরে বলেন, ’আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা এটা আশা করি এবং এনসিপির তরফ থেকে দাবি রাখছি যে আগামীকাল কোন প্রকার ব্যাত্যয় ব্যতিরেকে প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন। তারপরে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ তারা গ্রহণ করবেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

