ইসলামপন্থীদের ঐক্যের জন্য জামায়াতে ইসলামী উদার উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, 'আমিরে জামায়াত স্পষ্ট ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে ইসলামপন্থীদের একটি ব্যালেট করতে যতটা ছাড় ও উদারতার প্রয়োজন হয় জামায়াতে ইসলামী তা করবে।'
তিনি বলেন, 'শুধু নির্বাচনের জন্যই নয়, আগামী দিনে যাতে আলেমদের উপর আর কেউ জুলুম করতে না পারে, সেজন্য সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ আলেম-ওলামাদের উপর সবচেয়ে বেশি জুলুম করেছে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে। তবে আলেমদের উপর বেশি জুলুম হয়েছে। আলেম সমাজ একই প্লাটফর্মে জোটবদ্ধ থাকলে আগামীতে কেউ আলেমদের উপর জুলুম করার দুঃসাহসিকতা দেখাতে পারবে না।'
রোববার দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, 'আলেমদের মাইনাস করে আধিপাত্যবাদ, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার স্বপ্ন কেউ দেখতে পারবে না। স্বাধীনতা-সার্বভৌত্ব রক্ষার সকল আন্দোলন-সংগ্রামে আলেমদের অবদান ও ত্যাগ জাতি চিরকাল মনে রাখবে।' উল্লেখ করে তিনি বলেন, '৫ আগস্টও হাসিনা পালিয়ে যাবে, এটা কেউ ভাবেনি। কিন্তু জীবনের মায়া ত্যাগ করে আলেমরাই ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। আলেমরাই রাজপথে ছিল। বুলেটের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে।'
নতুন বাংলাদেশের নেতৃত্ব ইসলামপন্থীদের দিতে হলে অবশ্যই ঐক্যের বিকল্প নাই উল্লেখ করে তিনি সব দল ও মতের নেতৃত্বকে একই প্লাটফর্মে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, '১৭৫৭ থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে ওলামা-মাশায়েখদের আন্দোলনের সামনের সারিতে রাখা হয়েছে। ইসলামপন্থীরা সামনের সারিতে থেকে জীবন ও রক্ত দিয়েছে।'
জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থীদের নিয়ে ইসলাম বিদ্বেষীরা যেই ন্যারেটিভ প্রচার করেছে সেটি জনগণের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। জনগণ বিশ্বাস করে ইসলামপন্থীদের হাতেই বাংলাদেশ নিরাপদ ও দুর্নীতি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব। যার প্রমাণ ইতোপূর্বে জামায়াত নেতারা দেখিয়ে দিয়েছেন। তাদের দায়িত্ব পালনকালে ২ পয়সার দুর্নীতি হয়েছে বলে আজ পর্যন্ত কেউ অভিযোগ করতে পারেনি। তাই ইসলামপন্থীরা জোর করে বলতে পারে, 'আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব ইসলামী দলের হাতে গেলে একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ গঠিত হবে।'
জাতীয় ওলামা মাশায়েখ আইম্ম পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজির সভাপতিত্বে রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ইসলামপন্থীদের ঐক্য ভাবনায় করণীয় শীর্ষক সভায় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

