চাঁদাবাজদের উৎখাত করতেই হবে: চরমোনাই পীর

চাঁদাবাজদের উৎখাত করতেই হবে:  চরমোনাই পীর

বাংলার জমিন থেকে চাঁদাবাজ, খুনি ও তাবেদারদের উৎখাত করতেই হবে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর রেজাউল করীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের প্রধান লক্ষ্য ছিলো দেশে যেনো আর কোনো খুনি, ফ্যাসিস্ট ও অর্থ পাচারকারী তৈরি না হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয় দেশে চাঁদাবাজ, খুনি ও তাবেদার এখনো বিদ্যমান। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজ, খুনি ও তাবেদারদের উৎখাত করতেই হবে।

তিনি বলেন, আমরা পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশের সকল নাগরিকের মতামতকে মূল্যায়ন করে জাতীয় সরকার গঠন করে দেশকে সুন্দর করতে চাই।

চরমোনাই পীর আরো বলেন, যে উদ্দেশ্য ও চেতনাকে ধারণ করে জুলাইয়ে রক্ত ও জীবন উৎসর্গ করা হয়েছে তা পূরণ হয় নাই। যে অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা লড়াই করেছে তা দেশের ক্ষমতাপ্রেমিদের মধ্যে এখনো বিদ্যমান। তাই আমাদের যুদ্ধ শেষ হয় নাই। আমরা রাজপথও ছাড়ি নাই। দেশ কারো কাছে ইজারা দেয়া হয় নাই। দেশ কোন মগের মুল্লুক না। ফলে কাউকেই যা ইচ্ছা তার করতে দেয়া হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, দলটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ প্রমুখ।

এছাড়াও দলটি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে দুপুরে গণমিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ মাগরিব দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন