নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী বিরোধিতা করছে বলে মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, তারা জানে নির্বাচন দিলে এ দেশের জনগণ তাদের ভোট দিবে না। কারণ তাদের মধ্যে দেশপ্রেমের লেশমাত্র নেই। তারা ভোটকে ভয় পায়। এজন্যই তারা নির্বাচনকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে।
শনিবার রাজধানীর শাহজাদপুর, পল্লবী ও গুলশানে সর্বসাধারণের মাঝে বিএনপির ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন ইস্যুতে সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই উল্লেখ করে আমিনুল হক অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান।
আমিনুল হক বলেন, গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারে নেই। বাংলাদেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কিন্তু সংস্কারসহ বিভিন্ন ইস্যুর নামে নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নেবে না।
তিনি বলেন, ১৭ বছরে বিএনপির বহু নেতা কর্মীকে গুম, খুন ও হত্যা করা হয়েছে। বহু নেতাকর্মী জেল-জুলুম সহ্য করেছেন। সবকিছুই মানুষের অধিকার দাবি ও ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলনের জন্যই হয়েছে। স্বৈরাচার সরকারের ১৭ বছরের দুঃশাসনে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।এসব ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পুনর্গঠনে দেশে জনগণের সরকার দরকার। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই পারবে দেশের পরিপূর্ণ সংস্কার করতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

